‘কওমি মাদরাসাগুলোকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে মুক্ত রাখতে হবে। নজর রাখতে হবে—যাতে অশুভ কোনো শক্তি মাদরাসায় প্রভাব বিস্তার করতে না পারে। ভেতর-বাইরে আমাদের জোরালো পদক্ষেপ নিতে হবে—যাতে মাদরাসাগুলো নানাবিদ হয়রানি থেকে রক্ষা পায়।’ এমন মনোভাব ব্যক্ত করেছেন দেশের বিভিন্ন মাদরাসার প্রধান শিক্ষকরা।
শনিবার (২৪ এপ্রিল) রাজধানীর তেজগাঁও রেলওয়ে জামিয়া ইসলামিয়ায় তাহাফ্ফুজে মাদারিসে কওমিয়া বাংলাদেশ (বাংলাদেশ কওমি মাদরাসা সংরক্ষণ পরিষদ) আয়োজিত দিনব্যাপী এক পরামর্শ সভায় বিভিন্ন মাদরাসার প্রধান শিক্ষকরা এসব কথা বলেন।
বক্তারা বলেন, কওমি শিক্ষাবোর্ড কর্তৃক প্রদত্ত নীতিমালা এবং ভর্তির সময় যেসব ওয়াদা ছাত্ররা করে, এরমধ্যে উল্লেখযোগ্য তথাকথিত রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হবে না। প্রত্যেক মাদরাসায় এখন থেকে তা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। ছাত্র বা শিক্ষক এই নীতি ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে মাদরাসা কর্তৃপক্ষকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের আদর্শ ও ঐতিহ্যকে যারা নষ্ট করতে চায় তাদের চিহ্নিত করতে হবে।
বক্তারা আরও বলেন, কওমি মাদরাসার ছাত্র-শিক্ষকদের মধ্যে কোনোদিনও উগ্রবাদী-জঙ্গিবাদ ইত্যাদি প্রচার-প্রসারের সুযোগ ছিল না এবং আগামীতেও থাকবে না। অসতর্কতাবশত যদি কারও কারও বক্তব্যে কিছু এমন কথা এসে যায় তবে তা নিঃসন্দেহে কওমি মাদরাসার অস্তিত্বের সংকট ডেকে আনবে। তাই বয়ান-বক্তৃতায় সচেতনভাবে এমন কথা পরিহার করতে হবে—যা দেশ, সমাজ এবং কওমি মাদরাসায় বিশৃঙ্খলা সৃষ্টি করার সম্ভাবনা হতে পারে।
বিজ্ঞ আলেমরা বলেন, দেশের সামাজিক, রাজনৈতিক পরিস্থিতি যেমনই হোক না কেন, মাদরাসা বন্ধ রাখা অনুচিত। মাহে রমজানের পর মাদরাসার কার্যক্রম চালু করতে সরকার, কওমি শিক্ষাবোর্ড এবং মাদরাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে যৌথ উদ্যোগী হওয়া জরুরি।
পরামর্শ সভায় যোগ দিতে সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসতে শুরু করেন মাদরাসার প্রধান শিক্ষক ও তাদের প্রতিনিধিরা। তাহাফ্ফুজে মাদারিসে কওমিয়া বাংলাদেশের আহ্বায়ক শাইখুল হাদিস ড. মুশতাক আহমদের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব মুফতি মোহাম্মদ আলী।
সভাপতির বক্তব্যে ড. মুশতাক আহমদ বলেন, ‘কওমি মাদরাসা আবহমানকাল থেকেই একটি পূর্ণাঙ্গ ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ ও গভীর পড়াশুনার জায়গা। ইলম ও আমলের সুন্দরতম মিলনক্ষেত্র। আমাদেরকে নজর রাখতে হবে—যাতে কওমি মাদরাসায় আদব-আখলাকের শৃংখলা ভঙ্গ না হয়। সম্মানজনকভাবে কওমি ছাত্রদেরকেও ভিসা নিয়ে বহির্বিশ্বে গমনের সুযোগ সৃষ্টি করতে হবে।’
দুই অধিবেশনের এই পরামর্শ সভায় কওমি মাদরাসার বর্তমান পরিস্থিতি এবং আগামীর কর্মপদ্ধতি নিয়ে বক্তব্য রাখেন আলোচকরা। এতে তাহাফ্ফুজে মাদারিসে কওমিয়া বাংলাদেশের যুগ্ম আহ্বায়ক মাওলানা ইয়াহিয়া মাহমুদ, যুগ্ম সদস্য সচিব মাওলানা মুজিবুর রহমান ফয়েজি, মাওলানা নুরুল হুদা ফয়েজী, ড. আ ফ ম খালিদ হোসাইন, মাও. আব্দুল্লাহ মুহাম্মদ হাসান, মাও. মিনহাজুদ্দীন, গবেষক সৈয়দ মবনু, মাও. আকরাম হুসাইন, মাও. আব্দুল হক কাওসারি, মাও. কামরুজ্জামান, মাও. আজিজুর রহমান, মাও. শহিদুল্লাহ কাসেমী প্রমুখ অংশ নেন।